কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলম পলাশ হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার বিকেলে মানববন্ধন হয়েছে। বিকেল তিনটায় উপজেলার ভরাসার বাজারে ওই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে হত্যা মামলার প্রধান আসামি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনসহ সব আসামিকে দল থেকে বহিষ্কার, গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় বক্তব্য দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম খান, সহসভাপতি আবদুর রশিদ ও আখলাক হায়দার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা। কর্মসূচিতে বুড়িচং উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সারওয়ারের সহধর্মিণী রুবি আক্তার বলেন, পুলিশ তৎপর না হওয়ায় কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। অথচ পুলিশের সামনেই হত্যা মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ বলেন, আসামিরা গা ঢাকা দেওয়ায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। ৪ ডিসেম্বর দুপুরে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ারকে ছুরি মেরে হত্যা করে একই দলের প্রতিপক্ষরা।