আসামিদের সঙ্গে পুলিশের সখ্য আতঙ্কে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার কলাপসিবল গেটে লাগানো থাকে তিন-চারটি তালা। ঘরের দরজা-জানালাও থাকে বন্ধ। তার পরও শিশু কাজী তানহা হায়দারের ভয়, এই বুঝি সন্ত্রাসীরা বাসায় ঢুকে তাদের সবাইকে মেরে ফেলবে।দুর্বৃত্তরা বাবা কাজী জিয়া হায়দারকে হত্যা করার পর থেকে তানহার এমন ভীতির শুরু। চিহ্নিত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তার ভীতি যাচ্ছে না। ঘটনার পর চিহ্নিত আসামি ও তাদের স্বজনদের সঙ্গে পুলিশের কথিত ‘সখ্যের’ কারণে পরিবারের বড়রাসহ হত্যার প্রতিবাদকারী এলাকাবাসীও ভয়ের মধ্যে রয়েছেন।গত ২১ জানুয়ারি মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় বাসায় ঢুকে বাড়ির মালিক কাজী জিয়া হায়দারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বাড়ির নিচতলার ভাড়াটে আবদুল মজিদের বাসায় বসা জুয়ার আসরে বাধা দেওয়ার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।এ ঘটনায় পুলিশ আবদুল মজিদ, তাঁর স্ত্রী রুপা আক্তার ও কামাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়। এরপর দৃশ্যত পুলিশি তৎপরতা থেমে যায়।পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশ চিহ্নিত আসামিদের বাইরে অন্যদের ধরে টাকা আদায়ে নেমেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।স্থানীয় লোকজন বলেছেন, মামলার আসামি নয়নের ভাই মনির শেওড়াপাড়া এলাকায় একজন সন্ত্রাসী হিসেবেই পরিচিত। তাঁর সঙ্গে পুলিশের পুরনো সখ্য। এ মামলায় মনিরই পুলিশের ‘সোর্স’ হিসেবে কাজ করছে। অভিযোগ উঠেছে, মনিরের ভাই নয়ন ছাড়াও মধ্য পীরেরবাগের মনির, শাহীন, সেলিম, নজরুল, ডিশ জুয়েল, পাগলা জুয়েলসহ চিহ্নিত আসামিদের অজ্ঞাত কারণে গ্রেপ্তার করা হচ্ছে না, বরং ঘটনায় জড়িত নয় এমন ব্যক্তিকে আটক করে পুলিশ টাকা কামাচ্ছে।মো. মামুন নামের মধ্য পীরেরবাগের এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর আগের রাত ১২টার দিকে শেওড়াপাড়ার মনির ও শাহীনসহ পুলিশ তাঁর বাসায় যায়। এ সময় মনির ও শাহীন ওই ঘটনায় মামুন জড়িত বলে দাবি করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরের দিন সকালে শাহীন বাসায় গিয়ে তাঁর (মামুন) স্ত্রীকে জানায়, ১০ হাজার টাকা দিলে পুলিশ তাঁকে ছেড়ে দেবে। না হলে মামলা দেওয়া হবে। স্ত্রী ১০ হাজার টাকা দিলে ওই দিন রাতে মামুনকে ছেড়ে দেওয়া হয়।মামুন বলেন, শাহীনের টাকা নেওয়ার বিষয়টি তিনি এক দারোগাকে জানালেও তিনি বিষয়টি কানে তোলেননি।আসামিদের সঙ্গে নিয়ে পুলিশের অন্যদের গ্রেপ্তার করা ও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) তদন্ত কর্মকর্তা ইয়াছিন গাজী। প্রথম আলোকে তিনি বলেন, ‘ঘটনার পর থেকে সন্দেহভাজন ডিশ ব্যবসায়ী আলো পলাতক। মামুন তাঁর সহযোগী। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। তবে তিনি জড়িত নন। টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।’ মামলা সঠিক পথেই চলছে বলে দাবি করেন এসআই ইয়াছিন গাজী। আসামিদের সঙ্গে সখ্যের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের জন্য ভালো-খারাপ সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হয়।’ আসামি ভিন্ন অন্য কাউকে চাপ দিয়ে টাকা আদায়ের অভিযোগ তিনি অস্বীকার করেন। নিহতের ভাই কাজী মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, ‘দেড় সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করছে। এতে আমরা হতাশ ও শঙ্কিত।’ নিহতের স্ত্রী কাজী সেলিনা আজমী বলেন, চিহ্নিতরা গ্রেপ্তার না হওয়ায় দুই মেয়ে নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন তিনি।এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান বলেন, ‘অভিযোগগুলো আমি শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার সঠিক বিচার ও নিরাপত্তার ব্যাপারে পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নেই।’