আসামিদের হাজির করা হয়নি, সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আসামিদের হাজির না করায় গতকাল সোমবার সাক্ষ্য নেওয়া হয়নি। সাক্ষ্য নেওয়ার জন্য সরকারি কৌঁসুলি আটজন সাক্ষীকে হাজির করেছিলেন। ২৪ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান। কারাগার সূত্র জানায়, গতকাল সোমবার চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গতকাল ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ কারণে তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা যায়নি। এই মামলায় হাজতে আছেন আরও ১০ জন আসামি। যাঁদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও আছেন। একই মামলায় হাজতে থাকা যেকোনো একজন আসামিকে ছাড়া অন্যদের আদালতের কাঠগড়ায় ওঠানো যায় না। এ কারণে বাবরসহ অন্য ১০ জনকে গতকাল হাজির করা হয়নি। বিশেষ ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজের সঙ্গে সমন্বয় রেখে আমাদের ট্রাইব্যুনালের বিচারক ২৪ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।’ প্রসঙ্গত, ২০০৪ সালের ২ এপ্রিলের প্রথম প্রহরে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অবৈধ অস্ত্র আটক করে পুলিশ। অস্ত্রগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কাছে পাঠানোর কথা ছিল। মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর গত ২৯ নভেম্বর আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।