নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক তিন কর্মকর্তাকে হাতকড়া ছাড়া আদালতে হাজির করায় প্রশ্ন তুলেছে বাদীপক্ষ। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী হাজিরার দিন আদালত জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম।
আজ বুধবার এ মামলার নিয়মিত হাজিরার দিন ধার্য ছিল। এরই ধারাবাহিকতায় সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র্যাব-১১ ব্যাটালিয়নের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার এম এম রানাসহ ৩০ জন আসামিকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১১ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। বিচারকাজ চলার সময় আইনজীবীরা খুনিদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফজলুর রহমান জানান, আদালতে মামলার বাদীপক্ষের আইনজীবীরা প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফেরত আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ, দীর্ঘ দিনেও অভিযোগপত্র দাখিল না করা এবং অন্য আসামিদের হাতকড়া পরিয়ে আদালতে হাজির করলেও র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে হাতকড়া ছাড়াই আদালতে হাজির করায় বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদীবন্দরের শান্তিনগর এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এ ঘটনায় এ পর্যন্ত র্যাবের ২০ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যার দায় স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৭ জন র্যাব সদস্যসহ মোট ২০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।