আসামিদের হামলায় দুই এসআই আহত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আসামি ধরতে গিয়ে কোতোয়ালি মডেল থানার দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এ সময় আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা আহত হন। পুলিশ জামাল হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
আহত দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও সঞ্জয় কুমার।
পুলিশ জানায়, পাঁচ মাস আগে বরিশালের একটি শিল্পপ্রতিষ্ঠান থেকে দুর্বৃত্তরা নগদ ৭৩ লাখ টাকা লুট করে। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে বজলু সরদার নামের এক ব্যক্তিকে ২১ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ডাকাতির সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের জামাল হোসেন এবং বশির আহমেঞ্চদ জড়িত রয়েছেন বলে জানা যায়। বজলু সরদারের তথ্য অনুযায়ী, বুধবার সকালে কোতোয়ালি থানা পুলিশের একটি দল শ্যামপুর গ্রামে অভিযান চালাতে গেলে জামাল ও বশিরের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, বরিশাল কোতোয়ালি পুলিশের সঙ্গে বাকেরগঞ্জ থানার পুলিশ যৌথভাবে আসামি গ্রেপ্তারে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে জামাল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।