আসামিদের হুমকি পালিয়ে বেড়াচ্ছে নুসরাতের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বাসিন্দা গৃহবধূ নুসরাত জাহান ইভা হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি জানান।
স্বজনদের অভিযোগ, জামিন পেয়ে মামলার আসামিরা হুমকি দিচ্ছেন। তাই তাঁরা নারায়ণগঞ্জ ছেড়ে এসেছেন।
সংবাদ সম্মেলনে নুসরাতের বাবা মোজাহার হোসেন বলেন, দুই বছর আগে নারায়ণগঞ্জের উত্তর নোয়াদ্দার বাসিন্দা প্রবাসী মো. সোহেলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর সোহেল আবার সিঙ্গাপুর ফিরে যান। বিয়ের আগে সোহেল তাঁর ভাবি নারগিসের কাছে টাকা পাঠালেও বিয়ের পর স্ত্রী নুসরাতের কাছেই পাঠানো শুরু করেন। এ নিয়ে নারগিসের সঙ্গে নুসরাতের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে গত বছরের ১৫ ডিসেম্বর শ্বশুরবাড়ির লোকজন নুসরাতকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। ওই সময় নুসরাত সাত-আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মোজাহার বলেন, এ ঘটনার পর নারায়ণগঞ্জ বন্দর থানার পুলিশ নারগিসসহ কয়েকজনকে আটক করলেও তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান তাঁদের ছেড়ে দেন। এ ঘটনায় পুলিশ শুধু একটি অপমৃত্যু মামলা করে। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যা প্রমাণিত হওয়ার পর গত ৭ জানুয়ারি পুলিশ মামলা নিতে বাধ্য হয়। তিনি (মোজাহার) বাদী হয়ে নারগিস, নুসরাতের শ্বশুর-শ্বাশুড়িসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। কিন্তু পুলিশ তাঁদের গ্রেপ্তার করেনি। এ সুযোগে আসামিরা উচ্চ আদালত থেকে দুই মাসের জামিন নেন। গত ২৪ মার্চ জামিনের সময়সীমা শেষ হলেও আসামিরা মামলা তুলে নিতে নিরন্তর হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।