আসামিদের হুমকি, বাদী এলাকা ছাড়া
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চাঁদা দাবি ও পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ীর বসতঘর, খামারবাড়ি ভাঙচুর, লুটপাট ও তিনজনকে মারধরের ঘটনায় মামলা দিয়ে দুর্বৃত্তদের ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বাদী ও সাক্ষীরা। আর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে উপজেলার সারপটি গ্রামে একটি কৃষি খামার প্রতিষ্ঠা করেন ওই গ্রামের আমির হোসেন ভূঁইয়ার ছেলে তমিজ উদ্দিন ও তাঁর ভাই-বোনেরা। শুরু থেকেই এলাকার কিছু দুর্বৃত্ত খামারের কাজে বাধা দান ও বিভিন্ন অজুহাতে টাকা দাবি করছিল। গত ৬ জুন সকালে গ্রামের আবুল কালাম, মোরশেদ, রানা, রায়হান, ফরহাদ, শিমুল, মৃদুল; কুলিয়ারা গ্রামের শিমুল, জিহাদ, ইফতেখার; লুদিয়ারা গ্রামের জনি; সনপুর গ্রামের বশির ও বেরলা গ্রামের রুবেলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ওই ব্যবসায়ীর খামার, বসতঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ব্যবসায়ীর বোন তৌহিদা আক্তার, চাচাতো ভাই আলমগীর হোসেন ও আবদুল গোফরান আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী তৌহিদা ও আলমগীরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তৌহিদার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশের গোড়ালি জোড়ার হাড় ভেঙে গেছে। আলমগীরের বুকের পাঁজরের হাড়, হাত, ঘাড় ভেঙে গেছে। তমিজ উদ্দিন অভিযোগ করেন, এ ঘটনায় পুলিশ মামলা নেয়নি। পরে ১০ জুন তিনি কুমিল্লার বিচারিক হাকিম আদালতে মামলা করেন। এরপর থেকে দুর্বৃত্তরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। ভয়ে তাঁরা (বাদী ও সাক্ষীরা) এখন এলাকাছাড়া। তিনি বসতঘরের কাজও বন্ধ রেখেছেন। তিনি আরও বলেন, এর আগে গত বছরের ১ ডিসেম্বর দুর্বৃত্তরা তাঁর খামারবাড়ি ও বসতঘরে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এবং তাঁর একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে।
গতকাল সরেজমিনে ওই ব্যবসায়ীর খামারবাড়ি ও বসতঘরের ধ্বংসযজ্ঞ দেখা গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে খামারের মাছ ও হাঁস প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে বলে জানা গেছে। আবুল কালাম ও রানা ওই ব্যবসায়ীর পরিবারের সঙ্গে পারিবারিক বিরোধের কথা স্বীকার করলেও হামলা, ভাঙচুর ও হুমকির সঙ্গে তাঁরা জড়িত নন বলে দাবি করেন। থানার ওসি ইসমাইল মিঞা বলেন, ব্যবসায়ীর পরিবার থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালিয়েও তাঁদের পাওয়া যায়নি।