আসামিপক্ষ অনাস্থা জানানোর কথা বলায় কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামিপক্ষ আদালতের প্রতি অনাস্থা জানানোর কথা বলায় পিলখানা হত্যা মামলার কার্যক্রম গতকাল বুধবার কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরে দুই পক্ষের আইনজীবীদের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীদের কিছু ক্ষোভ, কিছু দাবি ছিল। সেসব নিয়ে আমরা আলোচনা করেছি। এখন সবকিছু ঠিক হয়ে গেছে।’পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে পিলখানা হত্যা মামলার বিচার চলছে। গতকাল ১৬৬তম কার্যদিবস শুরু হয় সকাল ১০টার দিকে। বিচারক মো. জহুরুল হক এজলাসে আসার পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পৌনে ১১টার দিকে জবানবন্দি দেন ৫৬২ নম্বর সাক্ষী উপপরিদর্শক (এসআই) এ বি এম মেহেদী মাসুম। তিনি এই মামলায় তদন্তকারীর সহযোগী হিসেবে পাঁচ আসামির জবানবন্দি ১৬১ ধারায় লিখেছিলেন।জবানবন্দির পর সাক্ষীকে জেরা করতে আসামিপক্ষের আইনজীবী শামীম সরদার এগিয়ে যান। এ সময় বিচারক আইনজীবীকে বলেন, এই সাক্ষী কোনো আসামির নাম উল্লেখ করেননি। তাঁকে জেরা করার প্রয়োজন নেই। জেরা করতে চাইলে আবেদন করতে হবে। আদালত ওই আবেদন নামঞ্জুর করলে আসামি হাইকোর্টে যেতে পারেন।আইনজীবী বলেন, আদালতের এ আদেশের বিরুদ্ধে আসামি হাইকোর্টে যেতে ইচ্ছুক। তবে সত্যায়িত অনুলিপি ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে হাইকোর্টে যেতে যে সময় লাগবে, সে পর্যন্ত আদালত মুলতবি রাখতে হবে। জবাবে আদালত বলেন, এ আবেদনও নামঞ্জুর করা হলো। আদালত চলবে। আইনজীবী বলেন, এই আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন এবং এ আদালতের ওপর আস্থা হারিয়ে ফেলবেন। এভাবে চললে তাঁরা অনাস্থা দিতে বাধ্য হবেন।বিচারক এ সময় বলেন, ‘আপনারা দরখাস্ত দিলে আমি চলে যেতে পারি।’ এ পর্যায়ে বিচারক আদালত মুলতবি করে এজলাস ত্যাগ করেন।পরে শামীম সরদার সাংবাদিকদের বলেন, আদালতের প্রতি ৭০ জন আসামির আস্থা হারানোর কথা তিনি মৌখিকভাবে জানান।আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আদালতে যে জেরা করা হয়, তা সত্যায়িত কপিতে হুবহু পাওয়া যায় না। বিষয়টি বহুবার আদালতে জানানো হয়েছে।’দুই পক্ষের আইনজীবীরা পরে জানান, এ পরিস্থিতির পর রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক ও কৌঁসুলি মোশাররফ হোসেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম, জামাল উদ্দিন খন্দকার, শামীম সরদার, ফারুক আহম্মদসহ কয়েকজন আইনজীবীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তাঁরা খাস কামরায় গিয়ে বিচারকের সঙ্গে আলোচনা করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। বেলা সোয়া একটার দিকে আদালতের কার্যক্রম আবার শুরু হলেও কিছুক্ষণ পর মুলতবি করা হয়।আইনজীবীরা বলেন, এখন থেকে বিচারক আসামিপক্ষের আইনজীবীদের যেটুকু সহযোগিতা দরকার, ততটুকু করবেন বলে আশ্বাস দিয়েছেন।