আসামিপক্ষকে তিন কার্যদিবসে যুক্তি শেষ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় আসামিপক্ষকে তিন কার্যদিবসের মধ্যে যুক্তিতর্ক শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৪ থেকে ৬ মার্চ টানা তিন দিন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন গতকাল রোববার এ দিন ধার্য করেন। গতকাল আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের ধার্য দিনে অপ্রাসঙ্গিক বিষয়ে শুনানি এবং নির্ধারিত সময়ের পর আদালতে উপস্থিত হওয়ায় আসামি মাওলানা আবু তাহেরের আইনজীবীকে সতর্ক করেন আদালত। একই সঙ্গে ৪ থেকে ৬ মার্চ তিন দিন যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এস এম জাহিদ হোসেন বলেন, আসামিপক্ষ মামলার বিষয়ে কিছু না বলে গত দুই দিন অপ্রাসঙ্গিক বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে সময় নষ্ট করছিল। এ কারণে আদালত আসামিপক্ষকে শুনানি শেষ করতে সময় বেঁধে দিয়েছেন। এ মামলায় কারাগারে আটক আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, আরিফ হাসান, শাহাদাত হোসেন ও আকবর হোসাইনকে গতকাল আদালতে হাজির করা হয়। ২০০১ সালে রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত এবং অনেকে আহত হন।