আসামিপক্ষকে বিদেশি সাক্ষী আনতে সমন দেবেন না ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় আসামি-পক্ষের দুই বিদেশি সাক্ষীকে আনতে সমন জারির আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।ট্রাইব্যুনাল আদেশে বলেন, আসামিপক্ষ যেকোনো সাক্ষী আনতে পারে, কিন্তু সেটা অবশ্যই ১২ জনের মধ্যে থাকতে হবে। তবে তাঁদের আনতে সমন জারি করতে ট্রাইব্যুনাল ইচ্ছুক নন।আসামিপক্ষ গত মঙ্গলবার গোলাম আযমের পক্ষে পাঁচজন সাক্ষীর একটি তালিকা ট্রাইব্যুনালে জমা দেন। তাঁদের মধ্যে দুজন বিদেশি রয়েছেন। তাঁরা হলেন: উত্তর ইউরোপে ন্যাটোর সাবেক প্রধান (কমান্ডার-ইন-চিফ) জ্যাক ডেভারেল ও যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক উইলিয়াম সাবাজ। সেদিন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক শুনানিতে বলেন, গোলাম আযমের বিরুদ্ধে নেতৃত্বের দায়-এর (কমান্ড রেসপনসিবিলিটি) অভিযোগ আনা হয়েছে। ডেভারেল সামরিক কর্মকর্তা হিসেবে এ বিষয়ে তাঁর বিশেষজ্ঞ মত দেবেন। আর সাবাজ মানবাধিকার আইন ও গণহত্যা বিশেষজ্ঞ হিসেবে মত দেবেন। বাংলাদেশে আসতে তাঁদের ভিসার প্রয়োজনে ট্রাইব্যুনালের সমন দরকার।আসামিপক্ষের আবেদনের বিরোধিতা করে শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ ও কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, ওই দুজন আসামিপক্ষের সাক্ষী হিসেবে আসতে পারেন, তবে বিশেষজ্ঞ মত দেওয়ার জন্য নয়। বিশেষজ্ঞ মতের দরকার হলে ট্রাইব্যুনালের অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) ডাকার ক্ষমতা আছে। বিচার বিলম্বিত করতে ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য এ আবেদন করা হয়েছে।সাজেদা চৌধুরী ও মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ৭ নভেম্বর: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আসামিপক্ষের আনা আদালত অবমাননার অভিযোগের শুনানির জন্য ৭ নভেম্বর দিন ধার্য করেছেন। সাজেদা চৌধুরীর আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও মতিয়া চৌধুরীর আইনজীবী রেজিয়া সুলতানা সময়ের আরজি জানালে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন পুনর্নির্ধারণ করেন।