আসামিপক্ষকে যুক্তি দিতে তিন দফা সময় বাড়ালেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে যুক্তি উপস্থাপন শেষ করতে তৃতীয় দফায় সময় বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তৃতীয় দফা সময় বাড়িয়ে আসামিপক্ষকে আজ বুধবার আরও এক ঘণ্টা যুক্তি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার আসামিপক্ষের আরজির পরিপ্রেক্ষিতে এ সময় বাড়িয়ে দেন। সাকা চৌধুরী গতকাল আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।এই মামলায় যুক্তি উপস্থাপন শুরুর আগেই দুই পক্ষকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষকে তিন দিন ও আসামিপক্ষকে চার দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ চার দিনে যুক্তি উপস্থাপন শেষ করে। পরে আসামিপক্ষকে পাঁচ দিন দেওয়া হয়। কিন্তু গত সোমবার পঞ্চম দিনের মতো যুক্তি দিয়ে তারা আবার সময়ের আরজি জানায়। তখন ট্রাইব্যুনাল যুক্তি শেষ করতে এক বেলা সময় বাড়িয়ে দেন। গতকাল আসামিপক্ষ প্রথম সেশন যুক্তি উপস্থাপন করে দ্বিতীয় সেশনও চায়। ট্রাইব্যুনাল তা দেন। দিন শেষে আবারও আরজি জানিয়ে আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক বলেন, বুধবার সকালে এক ঘণ্টার মধ্যে তিনি যুক্তি উপস্থাপন শেষ করবেন।এ সময় সাকা চৌধুরী ট্রাইব্যুনালকে বলেন, তাঁদের যুক্তি উপস্থাপন শেষ করতে আরেক বেলা সময় লাগবে। ট্রাইব্যুনাল বলেন, ‘আপনাদের সময় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা তা গুরুত্ব দেননি। আইনজীবী বলছেন এক ঘণ্টা সময় লাগবে, আপনি বলছেন আধা বেলা।’ সাকা চৌধুরী বলেন, আধা দিন সময় দিলে কী খুব ক্ষতি হয়ে যাবে?পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে বুধবার সকালে এক ঘণ্টা যুক্তি উপস্থাপনের সুযোগ দেন।গতকাল ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপনকালে আহসানুল হক তৃতীয়, ষষ্ঠ এবং নয় থেকে ১৫ নম্বর অভিযোগের বিষয়ে যুক্তি দেন। এ সময় তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্যের অসংগতি তুলে ধরেন। তৃতীয় অভিযোগ নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত যুক্তি উপস্থাপনকালে তিনি দাবি করেন, এ বিষয়ে রাষ্ট্রপক্ষের একজন সাক্ষীর সাক্ষ্যও বিশ্বাসযোগ্য নয়। কুণ্ডেশ্বরীতে পাকিস্তানি সেনারা অভিযান চালিয়েছিল, কারণ সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মলোটভ ককটেল বানানোর জন্য বোতল সরবরাহ করা হতো। রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী অধ্যাপক আনিসুজ্জামানসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষকেরা কুণ্ডেশ্বরীতে আশ্রয় নিয়েছিলেন এবং আওয়ামী লীগের নেতাদের সেখানে যাতায়াত ছিল। এ জন্য একাত্তরের ১৩ এপ্রিল পাকিস্তানি সেনারা সেখানে যায়।এই মামলায় রাষ্ট্রপক্ষে তদন্তকারী কর্মকর্তাসহ ৪১ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে প্রথম সাক্ষী ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।আসামির ঘটনাস্থলে না থাকার দাবি (প্লি অব অ্যালিবাই) নিয়ে গতকাল যুক্তি দেন আসামিপক্ষের আরেক আইনজীবী ফখরুল ইসলাম। তিনি বলেন, আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্য অনুসারে, আসামি সাকা চৌধুরী একাত্তরের ২৯ মার্চ পাকিস্তানের করাচি চলে যান। আর বাংলাদেশে ফেরেন ১৯৭৪ সালের ২০ এপ্রিল। আসামিপক্ষের তৃতীয় সাক্ষী কাইয়ুম রেজা চৌধুরী তাঁকে তেজগাঁও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেন।আজ আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের প্রত্যুত্তর দেওয়ার জন্য দিন নির্ধারিত রয়েছে।