আসামিপক্ষে যুক্তি উপস্থাপন
পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় গতকাল সোমবার ছিল আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের ধার্য দিন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ গতকাল আসামি মাহফুজুর রহমানের পক্ষে আইনজীবী জামাল উদ্দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন।
এ সময় আইনজীবী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী মাহফুজুর রহমান (নাহিদ) বিশ্বজিৎকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার সময় ছিলেন না। আদালতে মাহফুজুর রহমানের যে ছবি দেওয়া হয়েছে, তা তাঁর নয়। অন্য কোনো মাহফুজুর রহমানের ছবি। গতকাল পর্যন্ত মাহফুজুরসহ ছয়জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বিশ্বজিৎ হত্যাকাণ্ডে অংশ নেওয়া আসামিদের ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র দাখিল করেছেন। ওই স্থিরচিত্রের মাধ্যমে কাঠগড়ায় আসামিদের শনাক্ত করা হয়েছে।
গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুরশাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। গণমাধ্যমে প্রকাশিত ছবির সূত্র ধরে রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান, রাশেদুজ্জামান ওরফে শাওন, এ এইচ এম কিবরিয়া, কাইয়ুম, এমদাদুলসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।