আসামিপক্ষে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে করা আপিলের ওপর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন চলছে।গতকাল মঙ্গলবার শুনানিতে কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ট্রাইব্যুনালের রায়ে উঠে এসেছে, মুক্তিযুদ্ধের সময় কাদের মোল্লা রাজাকার, আলবদর, শান্তি কমিটি—কোনোটিতেই ছিলেন না। তাঁর বিরুদ্ধে শোনা সাক্ষীর ওপর নির্ভর করা হয়েছে। যুদ্ধাপরাধের বিচারের নামে যা করা হয়েছে, তা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চে আপিলের ওপর গতকাল অষ্টম দিনের মতো শুনানি হয়। ২ মে পরবর্তী শুনানি হবে।রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এবং কাদের মোল্লার পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। ওই পাঁচ অভিযোগে দেওয়া সাজা অপর্যাপ্ত দাবি করে এবং খালাসের আদেশ বাতিল চেয়ে ৩ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করে। পরদিন কাদের মোল্লা কারাদণ্ডাদেশ বাতিল করে খালাসের আরজি জানিয়ে আপিল করেন। রাষ্ট্রপক্ষের আপিলের ওপর ১ এপ্রিল থেকে শুনানি গ্রহণ শুরু হয়।