একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে আপিলের ওপর আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার নবম দিনের মতো শুনানি গ্রহণ করেন।গতকাল আসামিপক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আবদুর রাজ্জাক শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।শুনানিতে আবদুর রাজ্জাক বলেন, শুধু পুরো খালাস দেওয়ার বিরুদ্ধেই কেবল সরকার আপিল করতে পারে। সুনির্দিষ্ট একটি অভিযোগ থেকে খালাস পাওয়ার বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই।এর আগে খন্দকার মাহবুব হোসেন বলেন, আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন। ১৮ ফেব্রুয়ারি আইন সংশোধন করা হয়। তাই সংশোধনী কিছুতেই কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না।