জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন চলছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।গতকাল ২২তম দিনের শুনানিতে কাদের মোল্লার বিরুদ্ধে আনা শহীদ খন্দকার আবু তালেব হত্যাকাণ্ড-সম্পর্কিত অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক। তাঁকে সহায়তা করেন আইনজীবী শিশির মুনীর। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।যুক্তিতে আবদুর রাজ্জাক বলেন, খন্দকার আবু তালেব হত্যাকাণ্ড-সম্পর্কিত অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের দুই সাক্ষী হলেন আবু তালেবের ছেলে খন্দকার আবুল আহসান (৫ নম্বর) ও আবদুল কাইউম (১০ নম্বর)। তিনি বলেন, ওই হত্যার ঘটনা সম্পর্কে অভিযোগ ও দুই সাক্ষীর দেওয়া বক্তব্যে পরস্পরবিরোধী তথ্য রয়েছে।