আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে গতকাল মঙ্গলবার আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন সাঈদীর আইনজীবী এস এম শাহজাহান। ২৪ জানুয়ারি আপিল বিভাগে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
গতকাল ২৫তম দিনের শুনানিতে সাঈদীর আইনজীবী ছয় নম্বর অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের দুজন সাক্ষীর সাক্ষ্য খণ্ডন করে যুক্তি দেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আদালতে উপস্থিত ছিলেন।
শুরুতে মামলার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে এস এম শাহজাহান বলেন, সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে ২০টি অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এই আটটির মধ্যে দুটি অভিযোগে (অষ্টম ও দশম) তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ষষ্ঠ অভিযোগের সপক্ষে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদারের সাক্ষ্য তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সাধারণত পাকিস্তানি সেনাবাহিনী কোনো এলাকায় গেলে সেখানে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হতো। প্রাণভয়ে মানুষ পালাত। কিন্তু এই সাক্ষী একটু দূরে থেকে কতগুলো রিকশায় কতজন সেনা এসেছেন তা গুনেছেন। ১৯৭১ সালের ২০ মার্চ সাক্ষীর বয়স ছিল ১২ বছর। ওই পরিস্থিতিতে ২৬টি রিকশা ও ৫২ জন সেনা গণনা করা কি সম্ভব? এই সাক্ষীর আড়ালে থেকে ঘটনাটি দেখার কথা বিশ্বাসযোগ্য নয়।
পরে শুনানি আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।
ষষ্ঠ অভিযোগে বলা হয়, একাত্তরের ৭ মে পিরোজপুরের পাড়েরহাট বাজারে পাকিস্তান সেনাবাহিনী যায় এবং সাঈদী শান্তি কমিটির অন্য নেতাদের নিয়ে পাকিস্তান সেনাদের অভ্যর্থনা জানান। এরপর সাঈদীর দেখানো মতে পাড়েরহাট বাজারে আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায় এবং স্বাধীনতার পক্ষের লোকদের দোকান-বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। সেখানে দোকান থেকে সোনা ও রুপা লুট করেন সাঈদী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে দণ্ড দেওয়া হয়নি। ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে।