জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।
গতকাল ২৫তম দিনের শুনানিতে কাদের মোল্লার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন আইনজীবী আবদুর রাজ্জাক। তাঁকে সহায়তা করেন আইনজীবী শিশির মুনীর। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজা চেয়ে যে আপিল করেছে, তাতে তাদের আগে প্রমাণ করতে হবে যে ওই রায় ছিল ন্যায়ভ্রষ্ট। তিনি কাদের মোল্লাকে খালাস দেওয়ারও আরজি জানান।
পরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষের করা আপিলের পক্ষে এবং খালাসের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন শুরু করেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রোববার আবার শুনানি হওয়ার কথা।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।