পিলখানা হত্যা মামলায় গতকাল রোববার সপ্তম দিনের মতো যুক্তি উপস্থাপন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। ২০ অক্টোবর আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।
রাজধানীর বকশিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এই হত্যা মামলার বিচারকাজ চলছে। গতকাল সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়।
আসামিপক্ষে আইনজীবী মো. আমিনুল ইসলাম যুক্তি উপস্থাপন শুরু করেন। পরে চার আসামির পক্ষে আইনজীবী শামীম সরদার যুক্তি উপস্থাপন করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক ও আইনজীবী মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। মাঝে বিরতি দিয়ে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত কার্যক্রম চলে।
পরে আনিসুল হক প্রথম আলোকে বলেন, গত ২৯ সেপ্টেম্বর থেকে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থপন শেষে ৩০ সেপ্টেম্বর থেকে আসামিদের পক্ষে তাঁদের আইনজীবীরা যুক্তিতর্ক শুরু করেন। আসামিদের সর্বশেষ আইনজীবী গতকাল সারা দিন বক্তব্য উপস্থাপন শেষে বলেন, তাঁর পক্ষে আজ (রোববার) যুক্তিতর্ক শেষ করা সম্ভব নয়। পরে আদালত ২০ অক্টোবর আবার তারিখ দিয়েছেন। ওই দিন আসামিপক্ষকে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে বলা হয়েছে।
আইনজীবী শামীম সরদার প্রথম আলোকে বলেন, গতকাল সপ্তম দিনের মতো আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মৌখিকভাবে আরও দুই দিন সময় চান। এর পরিপ্রেক্ষিতে আদালত ২০ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সর্বশেষ দিন ধার্য করেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৮৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।