কথিত রাজনৈতিক বিবেচনায় ফরিদপুরের একজন জনপ্রতিনিধি খুনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির ২২তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। মামলাটি বর্তমানে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দুই নম্বর আদালতে বিচারাধীন রয়েছে। আগামী ৩ মার্চ আদালতে মামলাটি প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তপত্র আদালতে জমা দেন জেলার সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ খসরুজ্জামান ওরফে দুলু। তিনি এর আগে ওই মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন। এ ছাড়া তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। মামলার প্রধান আসামি হারুন অর রশিদের বাড়ি ওই ইউনিয়নে। বিচারক মোহাম্মদ নূর আলী মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমলে নিয়ে ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছিলেন। ওই দিন বিচারক অনুপস্থিত থাকায় শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ৩ মার্চ।মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারি বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউপি সদস্য মো. আবদুর রাজ্জাকের (৫৮) আত্মীয় (ভায়রা) দাউদ মোল্লার কান্দাকুল গ্রামের বাড়িতে যান। গভীর রাতে প্রায় ১৫ জন লোক ওই বাড়িতে গিয়ে রাজ্জাকের সহযাত্রী চাচাতো ভাই বদু শেখ (৫৪) ও বন্ধু জয়নাল ফকিরকে (৫৯) বেঁধে ফেলে। তাঁরা রাজ্জাকের মুখ চাদর দিয়ে বেঁধে তুলে নিয়ে যায়। পরে রাস্তায় রাজ্জাককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সাতৈর বাজারে নিয়ে যাওয়ার পথে রাজ্জাক মারা যান। পরের দিন নিহতের ছেলে মো. হাসান শেখ ১৮ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় মামলা করেন। সিআইডির উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ ২০০৮ সালের ৭ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতা হারুন অর রশিদ, মো. মাজেদ শেখ (৫৮), মো. খলিলুর রহমান (৩২), বাকু মুন্সীসহ (৫৬) স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের ১৪ জন ও বিএনপির একজনকে অভিযুক্ত করা হয়।নিহত আবদুর রাজ্জাকের ছোট ভাই মো. আবু সালেহ শেখ অভিযোগ করেন, মামলায় আসামিপক্ষের আইনজীবী খসরুজ্জামান পিপি হওয়ার পর প্রভাব খাটিয়ে এ মামলাটি প্রত্যাহারে ভূমিকা রেখেছেন। খসরুজ্জামান আসামিপক্ষের আইনজীবী থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করছি। মামলা প্রত্যাহারের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদের সুপারিশ রয়েছে।’ মামলাটিকে রাজনৈতিক দাবি করে তিনি বলেন, যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নন। বিএনপির তৎকালীন সাংসদ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এ মামলা করান। মামলার প্রধান আসামি হারুন অর রশিদ অভিযোগপত্রকে মনগড়া দাবি করে বলেন, ‘নিহত আবদুর রাজ্জাকের সঙ্গে তাঁর স্ত্রীর বড় বোনের অনৈতিক সম্পর্ক ছিল, সে কারণেও তাঁকে হত্যা করা হতে পারে।’ তবে তদন্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দাখিল করা হয়।