আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী মোহাম্মাদ আবদুল হাইকে গতকাল বুধবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। জেরার একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামকে তাঁর আচরণের জন্য সতর্ক করেন ট্রাইব্যুনাল।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল হাইকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

একাত্তরে কেন্দ্রীয় শান্তি কমিটি কত সদস্যের ছিল বলতে পারবেন? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, না। তবে কেন্দ্রীয় শান্তি কমিটির আহ্বায়ক ছিলেন খাজা খয়েরউদ্দিন, গোলাম আযম এবং এ কে এম ইউসুফ। এ কে এম ইউসুফ কোন দল করতেন, জানেন? এ প্রশ্নে তিনি বলেন, না, তবে তিনি রাজাকার বাহিনী গঠন করেছিলেন। জয়পুরহাটে কবে শান্তি কমিটি গঠিত হয়? এ প্রশ্নে তিনি বলেন, পাকিস্তানি সেনারা এপ্রিলে জয়পুরহাট দখলের পর সেখানে শান্তি কমিটি গঠিত হয়।

আইনজীবী মত (সাজেশন) দেন, আপনার বাবা একাত্তরে পাকিস্তানের সমর্থক ছিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।

আপনার ভাই ফজলুল যখন শহীদ হন, তখন তাঁর বয়স কত ছিল? তিনি কোন শ্রেণীতে পড়তেন? আহসানুল হকের এ প্রশ্নে সাক্ষী বলেন, একাত্তরে তাঁর ভাইয়ের বয়স ছিল ১৫ অথবা ১৬ বছর, দশম শ্রেণীতে পড়তেন। জবানবন্দিতে আপনি যে আবুল হোসেনের কাছে ছবি পাওয়ার কথা বলেছেন, তিনি কি বেঁচে আছেন? এ প্রশ্নে তিনি বলেন, তিনি এক বছর আগে মারা গেছেন।

আইনজীবী মত দেন, আলীম পাকিস্তানি সেনাদের কমান্ড করেননি। জবাবে সাক্ষী বলেন, আলীম সেনাদের কমান্ড করার অবস্থায় ছিলেন না, তবে তাদের (সেনাদের) সঙ্গে পরামর্শক্রমে তিনি সহযোগিতা করতেন। আইনজীবী মত দেন, পাকিস্তানি সেনারা কোনো বেসামরিক ব্যক্তির কমান্ড মানে না।

এ সময় আসামিপক্ষের আরেক আইনজীবী তাজুল ইসলাম দাঁড়িয়ে বলেন, শুধু পাকিস্তানি সেনারাই নয়, এখানে সব সেনাবাহিনীর কথা বলা হচ্ছে। ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীকে তো তাহলে সেনাবাহিনী বিশেষজ্ঞ হতে হবে। ট্রাইব্যুনাল তাজুল ইসলামকে বসতে বললে তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উদ্দেশে বলেন, ‘আমি আপনার সঙ্গে কথা বলছি, আরেকজন (ট্রাইব্যুনালের এক সদস্য) আমাকে বসিয়ে দিতে চাচ্ছেন।’

এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি এটা কী ধরনের কথা বললেন। আপনার কিছু বলার থাকলে মামলা পরিচালনাকারী আইনজীবীকে (আহসানুল হক) বলুন। আপনি জানেন, এ কথার জন্য আপনাকে ট্রাইব্যুনাল থেকে বের করে দিতে পারি। আপনি প্রায়ই এভাবে কথা বলেন। আপনিই একমাত্র আইনজীবী, যাঁকে আচরণবিধি লঙ্ঘনের জন্য ট্রাইব্যুনাল-১ কারণ দর্শাতে নোটিশ দিয়েছিলেন। আপনাকে আমরা সতর্ক করছি, আপনি কথা বলা শিখুন।’ ট্রাইব্যুনাল কথা বলার মাঝে তাজুল ইসলাম বসে পড়েন।

এ পর্যায়ে আহসানুল হক মত দেন, পাকিস্তানি সেনারা কোনো বেসামরিক ব্যক্তির (সিভিলিয়ান) পরামর্শে অপারেশন করত না। এ কথায় ক্ষুব্ধ হয়ে সাক্ষী বলেন, তখন যুদ্ধ হয়নি, গণহত্যা হয়েছে। ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধ হয়েছে।

জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত দেন, আপনার বর্ণিত ছবিতে আলীম নেই। আপনি একটি কুচক্রী মহলের ইন্ধনে এবং রাজনৈতিক কারণে অসৎ উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।