অনুপস্থিত থাকায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের আইনজীবীদের এবং বিএনপির নেতা আবদুল আলীমের আইনজীবী খলিলুর রহমানকে জরিমানা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ পৃথকভাবে এ আদেশ দেন।গোলাম আযমের আইনজীবীদের এক হাজার টাকা জরিমানা করেন বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১। খলিলুরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২। বারবার মুলতবি চাওয়ায় গত ২৭ ফেব্রুয়ারি আলীমের আরেক আইনজীবী মুন্সি আহসান কবিরকে দুই হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল-২।গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল ট্রাইব্যুনাল-১-এ আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের ধার্য দিন ছিল। তবে অন্যান্য হরতালের মতো গতকালও আসামিপক্ষের নির্ধারিত আইনজীবীরা ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান যুক্তি উপস্থাপন মুলতবির আরজি জানিয়ে বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম আসতে পারেননি।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম মুলতবির বিরোধিতা করে বলেন, মিজানুল ইসলাম ছাড়াও আসামিপক্ষে আবদুর রাজ্জাক, তাজুল ইসলামসহ অনেক আইনজীবী সংযুক্ত আছেন। ব্যক্তিগত সমস্যার অজুহাতে তাঁদের ট্রাইব্যুনালে অনুপস্থিতি মামলা দীর্ঘায়িত করার অপকৌশল।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আসামিপক্ষের বক্তব্য সন্তোষজনক নয়। তার পরও যুক্তি উপস্থাপন মুলতবি করা হচ্ছে, তবে এ জন্য আসামিপক্ষকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। আজ বুধবার যুক্তি উপস্থাপনের পরবর্তী দিন নির্ধারণ করা হয়।আলীমের আরেক আইনজীবীকে জরিমানা: বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী লাইলী বেগমকে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের এক সহকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, এ মামলায় আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক অসুস্থ, তাই ট্রাইব্যুনালে আসতে পারেননি। ট্রাইব্যুনাল অপর দুই আইনজীবী খলিলুর রহমান ও মুন্সি আহসান কবিরের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি জানেন না। ট্রাইব্যুনাল বলেন, মুন্সি আহসান কবিরকে যে জরিমানা করা হয়েছিল তিনি কী ওই টাকা দিয়েছেন? আইনজীবী বলেন, ‘না।’রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতির বিরোধিতা করেন এবং লাইলী বেগমের সাক্ষ্য গ্রহণ শেষ করতে ট্রাইব্যুনালে আরজি জানান।ট্রাইব্যুনাল হুজ্জাতুলকে আসামিপক্ষের ওই দুই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে বেলা দুইটার মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেন। ওই সময়ে তাঁরা হাজির না হওয়ায় খলিলুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন ট্রাইব্যুনাল।আদেশ অনুসারে, ১৪ মার্চের মধ্যে খলিলুর রহমানকে এবং বুধবারের (আজ) মধ্যে মুন্সি আহসান কবিরকে জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে রসিদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। নির্ধারিত সময়ে টাকা জমা দিতে ব্যর্থ হলে তাঁদের এ মামলা চালাতে দেওয়া হবে না। ভবিষ্যতে অনুপস্থিতির কারণে তাঁদের মুলতবি গ্রহণযোগ্য হবে না।আদেশ অনুসারে, আজ লাইলীর জেরা শেষ করতে ব্যর্থ হলে তাঁর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।