আসামিপক্ষের আইনজীবীরা না আসায় জেরা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামিপক্ষের দুই আইনজীবীর অনুপস্থিতির কারণে গতকাল রোববার বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষীর জেরা হয়নি। এতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত অভিযোগ করেছেন, আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতির কারণে মামলার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীকে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষে এ মামলা পরিচালনাকারী দুই আইনজীবী খলিলুর রহমান ও আহসানুল হক ট্রাইব্যুনালে উপস্থিত হননি। আসামিপক্ষের আরেক আইনজীবী মুন্সি আহসান কবীর ট্রাইব্যুনালে জানান, খলিলুর রহমান অসুস্থ। আহসানুল হক ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি। এ কারণে তিনি জেরার জন্য সময়ের আরজি জানান।এ সময় রানা দাশগুপ্ত বলেন, ‘আমরা এর তীব্র আপত্তি জানাই। আমরা লক্ষ্য করেছি, এ মামলায় আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান শুরু থেকেই অসুস্থ। এরপর আহনাসুল হককে এ মামলায় নিয়োগ দেওয়া হলো। তিনিও যদি অনুপস্থিত থাকেন তাহলে আমরা কোথায় যাব?’ তিনি বলেন, ‘এ মামলার সাক্ষীরা অনেক দূর থেকে আসেন। তাঁদের ভোগান্তি পোহাতে হয়। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা সময়মতো আসছেন না। এতে মামলা দীর্ঘায়িত হচ্ছে। আমরা কষ্টে আছি। সাক্ষীরাও হতাশ হয়ে যান।’ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষের আইনজীবীরা এভাবে না এলে মামলা বিঘ্নিত হয়। আলীম সাহেব অসুস্থ থাকার পরও কষ্ট করে আসছেন, আর আইনজীবীরা আসতে পারলেন না। মুন্সি আহসান কবির আবার সময়ের আবেদন জানিয়ে বলেন, ‘এটা শেষবারের মতো।’ পরে দিলীপ কুমার চক্রবর্তীকে জেরার জন্য বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।তদন্ত কর্মকর্তাকে আবার জেরার আবেদন নাকচ: এদিকে একই ট্রাইব্যুনালে গতকাল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে আবারও জেরা করার অনুমতি চেয়ে মৌখিক আবেদন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। ট্রাইব্যুনাল এ আবেদন নাকচ করে দেন।গত রোববার তদন্ত কর্মকর্তাকে জেরার ধার্য দিনে হরতালের কারণে আসামিপক্ষে এ মামলা পরিচালনাকারী আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল জেরা শেষ করে আজ মঙ্গলবার আসামিপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।