আসামিপক্ষের একজনকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে ব্যবসায়ী কবির হত্যা মামলার আসামিপক্ষের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের পরিবারের অভিযোগ, নদীতে ফেলে তাঁকে হত্যা করা হয়েছে। নিহতের নাম আবদুস সালাম (২০)। তিনি উপজেলার সিকন্দরপুর (মাইজগাঁও) গ্রামের আবদুল মজিদের ছেলে।গতকাল রোববার দুপুরে উপজেলার কুশিয়ারা নদীর লামাতাজপুর থেকে সালামের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সালামের পরিবার সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ী কবিরের আত্মীয়স্বজন মামলার আসামিরা উপজেলার লামাতাজপুরে অবস্থান করছে জানতে পেরে পুলিশকে সঙ্গে নিয়ে গত শুক্রবার বিকেলে সেখানে যায়। এ সময় পুলিশের সঙ্গী বাদীপক্ষের লোকজন এজাহারভুক্ত আসামি আবদুস সোবহান ও তাঁর সঙ্গে থাকা আবদুস সালামকে ধাওয়া করলে উভয়ে নদীতে ঝাঁপ দেন। সোবহানকে নদী থেকে তুলে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে সালাম নদীতে নিখোঁজ হয়ে যান। তাঁকে উদ্ধার করতে শুক্রবার বিকেল থেকেই কুশিয়ারা নদীতে ফায়ার ব্রিগেডের কর্মী ও স্থানীয় জেলেদের দিয়ে তৎপরতা চালানো হয়। ঢাকা থেকে আসা ফায়ার ব্রিগেডের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েও কোনো লাশ উদ্ধার করতে পারেনি। রোববার সকাল সাড়ে ১০টায় লামাতাজপুর এলাকায় কুশিয়ারা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।এ ব্যাপারে নিহত সালামের বোন মায়ারুন, রুজিনা বেগম ও রেজুন বেগম অভিযোগ করে বলেন, ‘কবির হত্যা মামলার বাদীপক্ষের লোকেরা আমাদের ভাইকে নদীতে ফেলে হত্যা করেছে। তাদের মামলার এজাহারে আমার ভাইয়ের নাম নেই। ভাই হত্যাকারীদের বিচার পেতে আমরা তাদের বিরুদ্ধে হত্যা মামলা করব।’ ওসমানীনগর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, বাদীপক্ষের ধাওয়া খেয়ে তাঁরা দুজন নদীতে ঝাঁপ দেন। গতকাল একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।প্রসঙ্গত, গত ২৩ মার্চ উপজেলার ওসমানীনগরের সিকন্দরপুরের (মাইজগাঁও) পাওয়ার বাইকের পাঁচ টাকা ভাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ব্যবসায়ী কবির নিহত হন। এ ব্যাপারে কবিরের ভাই আমিন উদ্দিন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।