বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী নিজাম আহমেদকে গতকাল মঙ্গলবার জেরা শেষ করেছে রাষ্ট্রপক্ষ।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল নিজাম আহমেদকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।গতকাল জেরায় কয়েকটি প্রশ্নের জবাবে নিজাম আহমেদ বলেন, তিনি ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। তবে মুক্তিযুদ্ধের জন্য অর্থনীতিতে সম্মান শ্রেণীর লেখাপড়া শেষ করতে পারেননি। পরে ১৯৭৪ সালে বিএ পাস করেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের ২৫ মার্চের পর তিনি খুব একটা পত্রপত্রিকা পড়েননি। ওই সময়ের পর তিনি ঢাকা শহরে খুব একটা ঘোরাফেরা করতেন না।জেয়াদ-আল-মালুম প্রশ্ন করেন, একাত্তরের এপ্রিলে মুসলিম লীগের নেতা ফজলুল কাদের চৌধুরীসহ পাকিস্তানপন্থী কয়েকটি রাজনৈতিক দলের নেতারা লে. জেনারেল টিক্কা খানের সঙ্গে সাক্ষাৎ করে ২৫ মার্চ রাতের গণহত্যায় সমর্থন জানান, এটা কী সাক্ষী জানেন? জবাবে সাফাই সাক্ষী নিজাম বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মত (সাজেশন) দেন, একাত্তরের এপ্রিলে করাচিতে সাকা চৌধুরীর সঙ্গে সাক্ষীর দেখা হওয়ার ঘটনা অসত্য। সাফাই সাক্ষী বলেন, এটা সত্য নয়।ঢাকা থেকে করাচি ও করাচি থেকে ঢাকায় বিমান ভ্রমণ-সংক্রান্ত নথিপত্র ট্রাইব্যুনালে দাখিল করেছেন? কৌঁসুলির এ প্রশ্নে সাক্ষী বলেন, দাখিল করেননি। তবে ট্রাইব্যুনাল চাইলে দাখিল করতে পারবেন।জেয়াদ-আল-মালুম মত দেন, ‘আপনার পেশা ও রোজগার নেই। একজন ভবঘুরে ব্যক্তি হওয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে আর্থিক লাভবান হয়ে, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সত্য গোপন ও অস্বীকার করে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসম্মান করে, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে শেখানো, অসত্য ও বানোয়াট সাক্ষ্য দিয়েছেন।’ নিজাম আহমেদ বলেন, এটা সত্য নয়।গতকালও জেরার সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে কয়েকবার বাগিবতণ্ডা হয়। জেরা শেষে আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম তাঁদের পরবর্তী সাক্ষী হাজির করার জন্য তিন সপ্তাহ সময় চান। ট্রাইব্যুনাল এ আরজি নাকচ করে আজ বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।এদিকে গতকাল মামলার কার্যক্রম শেষে আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালের কাছে অনুমতি চেয়ে বলেন, সাকা চৌধুরীর সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করবেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আপত্তি জানিয়ে বলেন, ওই সময় তাঁরা (সাকা চৌধুরী, আইনজীবী ও পরিবারের সদস্যরা) সংবাদ ব্রিফিং করেন। গত সোমবার তাঁরা ট্রাইব্যুনালকে কটাক্ষ করে নানা কথা বলেছেন, এগুলো পত্রপত্রিকায় ছাপা হয়েছে। এ সময় ট্রাইব্যুনাল বলেন, কাঠগড়ায় বসে সংবাদ ব্রিফিং করার কোনো সুযোগ নেই।