জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন। গতকাল আপিল শুনানির ১৯তম দিনে আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক বক্তব্য দেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী শিশির মুনীর। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
আবদুর রাজ্জাক শুনানিতে মেহেরুন্নেচ্ছা হত্যাকাণ্ড-সম্পর্কিত অভিযোগের বিষয়ে বলেন, কবি কাজী রোজীর দেওয়া বক্তব্য স্ববিরোধী। ঘটনা সম্পর্কে তদন্ত কর্মকর্তা ও তাঁর বক্তব্যে বৈপরীত্য রয়েছে। ওই সাক্ষী ২৭ মার্চের ঘটনাটি ছয় মাস পর এক ব্যক্তির কাছে শুনেছেন। তাঁর সাক্ষ্যের ওপর ভিত্তি করে কাদের মোল্লাকে দণ্ড দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী। আইনজীবী বলেন, কাজী রোজী শহীদ কবি মেহেরুন্নেচ্ছা বইয়ের ২৪ নম্বর পৃষ্ঠায় বলেছেন, মেহেরুন্নেচ্ছাকে অবাঙালিরা হত্যা করেছে।