আসামিপক্ষের বাকি সাক্ষীদের বিষয়ে আগের আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইস-লামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের বাকি সাক্ষীদের বিষয়ে দেওয়া আদেশ বহাল রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বেঁধে দেওয়া সময় অনুযায়ী গতকাল রোববার বাকি পাঁচ সাক্ষীকে হাজির না করায় ট্রাইব্যুনাল আসামিপক্ষকে এ কথা জানান।ট্রাইব্যুনাল গত বৃহস্পতিবার দেওয়া আদেশে আসামিপক্ষের বাকি পাঁচ সাক্ষীকে হাজিরের জন্য শেষ ধার্য দিন করেছিলেন রোববার (২১ অক্টোবর)। আদেশে বলা হয়েছিল, রোববার আসামিপক্ষ যদি তাদের বাকি সাক্ষীদের আনতে ব্যর্থ হয়, তবে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ আসামিপক্ষ গতকাল বাকি পাঁচ সাক্ষীর মধ্যে মাত্র একজনকে হাজির করে। এ সময় ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীকে বাকি সাক্ষীদের বিষয়ে দেওয়া আদেশ মনে করিয়ে দিয়ে বলেন, এ বিষয়ে ট্রাইব্যুনালের দেওয়া আদেশ বহাল থাকবে। আসামির (সাঈদী) পক্ষে আর কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে না।আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালকে এ বিষয়ে শিথিল হতে অনুরোধ জানান। ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনাল যদি মনে করেন, তা হলে বিষয়টি বিবেচনা করবেন।তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ: গতকাল কার্যক্রমের শুরুতে এই মামলায় আসামিপক্ষের তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। তাঁরা হলেন: ১৩ নম্বর সাক্ষী মাসুদ সাঈদী (দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় ছেলে), ১৫ নম্বর সাক্ষী আবদুস সালাম হাওলাদার এবং ১৬ নম্বর সাক্ষী আবদুল হালিম ফকির। তাঁদের জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। এ সময় সাঈদী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জেরার আগে জবানবন্দি দেন আবদুল হালিম ফকির। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি পিরোজপুরের টেংরাখালী গ্রামে। একাত্তরে তাঁদের গ্রামে পাকিস্তানি বাহিনী, রাজাকার বা শান্তি কমিটির কোনো লোক প্রবেশ করেনি। কোনো বাড়িঘর লুট হয়নি। কোনো লোক নিহত হয়নি। সে সময় দেলাওয়ার হোসাইন সাঈদী শান্তি কমিটির সদস্য বা রাজাকার ছিলেন না এবং মানবতাবিরোধী কোনো কাজও করেননি।নিজামীর বিরুদ্ধে মামলায় প্রথম সাক্ষীকে জেরা অব্যাহত: একই ট্রাইব্যুনালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মিছবাহুর রহমান চৌধুরীকে গতকাল জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় নিজামী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। জেরার একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী ও সাক্ষীর মধ্যে বাগিবতণ্ডা হয়। ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।