আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। গতকাল ২৩তম দিনের শুনানিতে কাদের মোল্লার বিরুদ্ধে আনা মিরপুরের আলুব্দী গ্রামে হত্যাযজ্ঞ-সম্পর্কিত অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক। তাঁকে সহায়তা করেন আইনজীবী শিশির মুনীর। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন। শুনানিতে আবদুর রাজ্জাক বলেন, পাঁচ নম্বর এ অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের দুজন সাক্ষী রয়েছেন। তাঁরা হলেন ৬ নম্বর সাক্ষী শফিউদ্দিন মোল্লা ও ৯ নম্বর সাক্ষী আমির হোসেন মোল্লা। সাক্ষ্য ও জেরা উল্লেখ করে শুনানিতে আইনজীবী ৬ নম্বর সাক্ষীর বক্তব্যের অসংগতি তুলে ধরেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ৩ মার্চ তাঁর সর্বোচ্চ সাজা চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে রাষ্ট্রপক্ষ। পরদিন ট্রাইব্যুনালের দেওয়া সাজা বাতিল চেয়ে ও খালাসের আরজি জানিয়ে আপিল করেন কাদের মোল্লা।