আসামিপক্ষের যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববারও আসামিপক্ষ আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি দেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক।আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে যুক্তি উপস্থাপনকালে আবদুর রাজ্জাক দাবি করেন, এ মামলায় তদন্ত কর্মকর্তাকে দেওয়া রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের মাধ্যমে সাঈদীর বিরুদ্ধে অবিচার করা হয়েছে। গণহত্যার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সাঈদী এ অভিযোগের ধারেকাছেও নেই। গণহত্যার মতো মারাত্মক অভিযোগকে রাষ্ট্রপক্ষ হালকাভাবে নিয়েছে। গণহত্যার যে সংজ্ঞা ও যেসব উপাদান রয়েছে, সেগুলো এ অভিযোগে অনুপস্থিত।আজ সোমবার আসামিপক্ষ আবারও আইনি বিষয়ে যুক্তি দেবে। তাদের যুক্তি উপস্থাপন শেষ হলে রাষ্ট্রপক্ষ জবাব দেওয়ার জন্য এক ঘণ্টা সময় পাবে।গত ৬ ডিসেম্বর এ মামলা যুক্তি উপস্থাপন শেষে রায়ের অপেক্ষায় ছিল। কিন্তু ১৩ ডিসেম্বর এ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে পুনর্গঠিত ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে আবার মামলার সারসংক্ষেপ ও আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন। এ জন্য রাষ্ট্রপক্ষকে দুই দিন ও আসামিপক্ষকে তিন দিন নির্দিষ্ট করে দেওয়া হয়।১৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ দ্বিতীয়বারের মতো যুক্তি উপস্থাপন শেষ করে। আসামিপক্ষ শুরু করে ২০ জানুয়ারি। যুক্তি উপস্থাপন শেষ করতে আসামিপক্ষের সময় বাড়ানোর আরজি ট্রাইব্যুনাল দুই দফা গ্রহণ করায় ২৪ জানুয়ারি আধা বেলা পর্যন্ত তাঁরা ঘটনার বিষয়ে যুক্তি দেন। এরপর আইনি বিষয়ে যুক্তি দেওয়া শুরু হয়।