আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের ওপর যুক্তি উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ দ্বাদশ দিনের মতো শুনানি গ্রহণ করেন।
কামারুজ্জামানের করা আপিলের শুনানি গ্রহণ শুরু হয় গত ৫ জুন। ৮ জুলাই দশম দিনের শুনানিতে ট্রাইব্যুনালের রায় উপস্থাপন শেষ করে আসামিপক্ষ। ২৩ জুলাই আদালত পরবর্তী দিন ধার্য করেন ২ সেপ্টেম্বর। মাঝে ২৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত আদালতের অবকাশ ছিল।
গতকাল কামারুজ্জামানের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। পরে এস এম শাহজাহান প্রথম আলোকে বলেন, প্রথম ও দ্বিতীয় অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন করার পর তৃতীয় অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শুরু করা হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা সাত অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে সোহাগপুর ‘বিধবাপল্লিতে’ নির্বিচারে হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের দায়ে (তৃতীয় ও চতুর্থ অভিযোগ) কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, বদিউজ্জামান ও দারাসহ ছয়জনকে হত্যার (প্রথম ও সপ্তম অভিযোগ) দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একাত্তরে শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের বিরুদ্ধে ও খালাস চেয়ে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি।