বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষ গতকাল বৃহস্পতিবার যুক্তি উপস্থাপন শুরু করেছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার যুক্তি উপস্থাপন শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, একাত্তরে সালাউদ্দিন কাদের চৌধুরীর কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। তিনি পাকিস্তানি সেনাদের সহযোগী বা আলবদর বা আলশামস বাহিনীর সদস্য ছিলেন না। তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন মুসলীম লীগের (কনভেনশন) নেতা। পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্যের কারণেই আজ তিনি আসামির কাঠগড়ায়।আহসানুল হক বলেন, এ মামলায় আসামিপক্ষের যুক্তি মূলত দুটি। প্রথমত, অপরাধ সংঘটনস্থলে না থাকার দাবি (প্লি অব অ্যালিবাই)। এবং দ্বিতীয়ত, কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট না থাকার দাবি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজের উপস্থাপিত যুক্তির সমালোচনা করে আহসানুল হক বলেন, ‘তিনি ইমোশন দিয়ে যুক্তি উপস্থাপন করেছেন। বিচারে ইমোশনের কোনো স্থান নেই’গত বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনকালে তুরিন আফরোজ পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীদের হাতে নৃশংসভাবে বাঙালি নিধনের চিত্র তুলে ধরেন। গর্ভবতী নারীরাও কীভাবে নির্মমতার শিকার হন, তা তিনি উল্লেখ করেন।যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ৪ আগস্ট রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।