জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষ গতকাল সোমবার যুক্তি উপস্থাপন শেষ করেছে। রাষ্ট্রপক্ষ আজ মঙ্গলবার আসামিপক্ষের দেওয়া যুক্তি খণ্ডন করবে। এরপর ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করবেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল শেষ দিনে যুক্তি দেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ও আইনজীবী এহসান এ সিদ্দিক। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।গতকাল প্রথমে যুক্তি উপস্থাপন করেন এহসান এ সিদ্দিক। যুক্তিতে তিনি বলেন, কামারুজ্জামানের বিরুদ্ধে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে নির্যাতনের যে অভিযোগ আনা হয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে ‘অন্যান্য অমানবিক কাজের’ মধ্যে পড়ে না। তাই এ অভিযোগে তাঁকে শাস্তি দেওয়া যায় না। এই অভিযোগের বিবরণে আবদুল হান্নানকে চাবুক মারার ও শরীরের পোশাক খোলার উল্লেখ থাকলেও কোনো সাক্ষী সাক্ষ্যে এসব বলেননি।আসামিপক্ষের এই আইনজীবী বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য থেকে কামারুজ্জামানের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় প্রমাণিত হয় না। ষষ্ঠ অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের মাত্র একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ ক্ষেত্রে একজন সাক্ষীর সাক্ষ্যের ওপর নির্ভর করা যায় না।কামারুজ্জামানের বিরুদ্ধে আনা সপ্তম অভিযোগের বিষয়ে এহসান এ সিদ্দিক বলেন, ওই অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের সপ্তম ও ১৪তম সাক্ষীর সাক্ষ্যের বর্ণনাতে ঘটনার তারিখের মধ্যে ভিন্নতা রয়েছে।এহসান এ সিদ্দিক যুক্তি উপস্থাপন শেষ করার পর যুক্তি দেন আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মোহন মুন্সির সাক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, মোহন মুন্সির সাক্ষ্যে বিভিন্ন ধরনের অসংগতি রয়েছে। তাঁর সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নেই। তাই এ সাক্ষীর সাক্ষ্যের ওপর নির্ভর করা যায় না।আসামিপক্ষের প্রধান আইনজীবী বলেন, একাত্তরে কামারুজ্জামানের বয়স ছিল ১৫-১৬ বছর। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, ওই বয়সে তাঁর পক্ষে সেসব করা সম্ভব নয়। তিনি যে মানবতাবিরোধী অপরাধে জড়িত নন, তা আসামিপক্ষের চতুর্থ সাক্ষী কফিল উদ্দিনের (কামারুজ্জামানের বড় ভাই) সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।এ সময় ট্রাইব্যুনাল বলেন, একজন সাক্ষীর সাক্ষ্য থেকে এটি নিশ্চিত হলেই কি চলবে? জবাবে আবদুর রাজ্জাক বলেন, যেহেতু রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের ওই সাক্ষীর সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারেনি, তাই তাঁর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে।যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে আবদুর রাজ্জাক বলেন, রাজনৈতিক কারণেই কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা কোনো অভিযোগেই তাঁকে শাস্তি দেওয়া যায় না।এ মামলায় রাষ্ট্রপক্ষ ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তি উপস্থাপন করে। আসামিপক্ষ ১ এপ্রিল থেকে যুক্তি দেওয়া শুরু করে। ট্রাইব্যুনালের নির্দিষ্ট করে দেওয়া সময়ে আসামিপক্ষ গতকাল যুক্তি দেওয়া শেষ করে।