আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ রাষ্ট্রপক্ষের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিল মামলায় গতকাল মঙ্গলবার যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ। এরপর রাষ্ট্রপক্ষ পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। সঙ্গে ছিলেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন আদালত।
পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা এই মামলায় বিভিন্ন সাক্ষীর বক্তব্য পর্যালোচনা করে দেখিয়েছি, এসব সাক্ষীর বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। তাই এসব সাক্ষ্যের ভিত্তিতে আসামির মৃত্যুদণ্ড দেওয়া যায় না। ষষ্ঠ ও সপ্তম অভিযোগে তাঁকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ নম্বর অভিযোগটি (বাকচরে হিন্দুদের হত্যা ও নিপীড়ন) মূল আনুষ্ঠানিক অভিযোগেই ছিল না।’
খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, জামায়াতে ইসলামী তার রাজনৈতিক আদর্শের কারণে ১৯৭১ সালে পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করত। কিন্তু তার মানে এই নয় যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে তাদের ভূমিকা ছিল। তাই ওই সময়ে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের সভাপতি হওয়ার জন্য মুজাহিদকে ফাঁসি দেওয়া যায় না।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ ১ ও ৩ নম্বর অভিযোগের ওপর যুক্তি দিয়েছে। বুধবার আবার আমরা যুক্তি উপস্থাপন করব। তিনি আশা করেন, বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হবে।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মুজাহিদের বিরুদ্ধে সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। তৃতীয় অভিযোগে (ফরিদপুরের রণজিৎ নাথকে আটক রেখে নির্যাতন) তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও পঞ্চম অভিযোগে (নাখালপাড়া সেনাক্যাম্পে আলতাফ মাহমুদ, রুমী, বদি, আজাদ, জুয়েল হত্যাকাণ্ড) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ষষ্ঠ (বুদ্ধিজীবী হত্যাকাণ্ড) ও সপ্তম অভিযোগে (বাকচরে হিন্দুদের হত্যা ও নিপীড়ন) মুজাহিদকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ষষ্ঠ অভিযোগের সঙ্গে প্রথম অভিযোগ (সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হত্যা) একীভূত করায় এতে আলাদা করে শাস্তি ঘোষণা করা হয়নি। দ্বিতীয় ও চতুর্থ অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুজাহিদকে খালাস দেন ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ১১ আগস্ট আপিল করে মুজাহিদ খালাস চান। সর্বোচ্চ সাজা হওয়ায় এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। গত ২৯ এপ্রিল থেকে আপিল শুনানি শুরু হয়।