আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ রাষ্ট্রপক্ষের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছে। অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করেছেন, ২৪ ফেব্রুয়ারির মধ্যে এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হতে পারে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে গতকাল বুধবার মীর কাসেমের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এরপর রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত।
পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করেছে। ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষে আমি বক্তব্য উপস্থাপন করব। এরপর আসামিপক্ষ এক ঘণ্টা সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। আশা করছি, ২৪ ফেব্রুয়ারির মধ্যে আপিল মামলাটি শেষ হয়ে যাবে।’
মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের সময় মীর কাসেম আলী চট্টগ্রাম ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন) সভাপতি ছিলেন। তাঁর অপরাধ দেখানো হয়েছে একাত্তরের ৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। অথচ ৭ নভেম্বর তিনি ছাত্রসংঘের কেন্দ্রীয় সম্পাদক হয়ে ঢাকায় চলে আসেন। ডালিম হোটেলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে মীর কাসেম আলী জড়িত ছিলেন না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেন।