আসামিপক্ষের যুক্তি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে গতকাল বুধবার আসামিপক্ষে আইনজীবী এস এম শাহজাহান যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র ও পিরোজপুর জেলা পরিষদের প্রকাশিত পিরোজপুর জেলার ইতিহাস বইয়ের কোথাও স্বাধীনতাবিরোধী হিসেবে সাঈদীর নাম নেই।

গত মঙ্গলবার আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন সাঈদীর আইনজীবী এস এম শাহজাহান। গতকাল দ্বিতীয় দিনে তিনি সাঈদীর বিরুদ্ধে আনা ষষ্ঠ অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপনের পর সপ্তম অভিযোগ বিষয়ে যুক্তি উপস্থাপন শুরু করেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।

শুনানিতে এস এম শাহজাহান বলেন, কবি হাসান হাফিজুর রহমান সম্পাদিত ও তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হয়েছে স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র। ২০০৭ সালে পিরোজপুর জেলা পরিষদের  পিরোজপুর  জেলার ইতিহাস প্রকাশিত হয়। বই দুটিতে পিরোজপুর জেলার মুক্তিযুদ্ধের বিবরণ এবং স্বাধীনতাবিরোধীদের নাম রয়েছে। তবে বই দুটির কোথাও স্বাধীনতাবিরোধী হিসেবে সাঈদীর নাম উল্লেখ নেই।

মানবতাবিরোধী  অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক  অপরাধ  ট্রাইব্যুনাল-১। রায়ে তাঁর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে  প্রমাণিত হয়। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে তাঁকে কোনো দণ্ড দেওয়া  হয়নি।  ২৮  মার্চ  রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে।