সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্কের শুনানি গতকাল সোমবার শেষ হয়েছে। ২০ ডিসেম্বর আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এই তারিখ ধার্য করেন।শুনানিতে অংশ নিয়ে গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম আদালতকে বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষ ৩৩ জন সাক্ষীকে উপস্থাপন করেছে। আসামিরা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আসামিদের স্বীকারোক্তি মতে খালাফকে হত্যায় ব্যবহূত অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়। রাষ্ট্রপক্ষ মনে করে, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে তারা অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে। তিনি আসামিদের শাস্তি দাবি করেন।গতকাল বেলা চারটা পর্যন্ত মামলার শুনানি চলে। পরে আদালত ৪ ডিসেম্বর আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।এর আগে কারাগারে আটক চার আসামি সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলামকে গতকাল আদালতে হাজির করা হয়। অন্য আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ পলাতক রয়েছেন।গত ৫ মার্চ দিবাগত রাতে গুলশানের কূটনীতিক এলাকার একটি বাড়ির সামনে গুলিবিদ্ধ হন খালাফ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ ভোরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২৪ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।