আসামিপক্ষের যুক্তি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মুঈনুদ্দীনের পক্ষে যুক্তি দেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবীর একজন সালমা হাই। যুক্তিতে তিনি দাবি করেন, একাত্তরে বুদ্ধিজীবীদের অপহরণের পর হত্যা করা হয়েছে, এটি সত্য। কিন্তু এ ঘটনায় মুঈনুদ্দীন জড়িত ছিলেন না।
সালমা হাই বলেন, মুঈনুদ্দীন একাত্তরে ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সমর্থক ছিলেন, এর সদস্য বা নেতা ছিলেন না। তিনি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করতেন। একাত্তরে ছাত্রসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন এমন নথি রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে দাখিল করতে পারেনি। মুঈনুদ্দীন একাত্তরে পূর্বদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। ওই সময় তিনি এই কাজ নিয়ে ব্যস্ত ছিলেন।
আইনজীবী রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যের অসংগতি তুলে ধরে মুঈনুদ্দীনকে অব্যাহতি দেওয়ার আরজি জানান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত অপর আইনজীবী আবদুস শুকুর খানের আজ সোমবার আশরাফুজ্জামানের পক্ষে যুক্তি উপস্থাপনের দিন ধার্য আছে।