মানবতাবিরোধী অপরাধের বিচার: কায়সারের বিরুদ্ধে মামলা
আসামিপক্ষের যুক্তি ১৮ আগস্ট পর্যন্ত মুলতবি
সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ১৮ আগস্ট (সোমবার) পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল বৃহস্পতিবার যুক্তি উপস্থাপন মুলতবির আরজি জানান কায়সারের আইনজীবী এস এম শাহজাহান। তিনি বলেন, শেষ পাঁচটি অভিযোগের ওপর যুক্তি উপস্থাপনের মতো পর্যাপ্ত প্রস্তুতি তাঁর নেই। এ জন্য সময় দরকার। পরে ট্রাইব্যুনাল সোমবার পর্যন্ত যুক্তি উপস্থাপন মুলতবি করেন।
এ পর্যন্ত কায়সারের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের বিষয়ে আসামিপক্ষের যুক্তি দেওয়া শেষ হয়েছে। তাঁর বিরুদ্ধে মোট অভিযোগ ১৬টি। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
গত রোববার থেকে সৈয়দ মো. কায়সারের পক্ষে অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন শুরু করে আসামিপক্ষ। এ সময় আসামিপক্ষ দাবি করে, মুক্তিযুদ্ধকালে কায়সার বাহিনী নামে কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না।
এর আগে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপনকালে সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানায়। তাদের দাবি, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যে ও দালিলিক নথির মাধ্যমে কায়সারের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছিল। ৯ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ চলে। রাষ্ট্রপক্ষে ৩২ জন সাক্ষ্য দেন।