রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় আসামি-পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে।
গতকাল মঙ্গলবার এই মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এদিন আসামি মাওলানা আবু তাহেরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
আজ বুধবার বাকি আসামিদের পক্ষে যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেছেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই তারিখ ধার্য করেন।
এ মামলার প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ নয় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পাঁচ আসামি পলাতক আছেন। গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।
২০০১ সালে রমনা বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলে ১০ জন মারা যায় এবং অনেকে আহত হয়। এ ঘটনায় রমনা থানায় দুটি মামলা হয়। ২০০৮ সালের ২৯ নভেম্বর মামলা দুটির অভিযোগপত্র দেয় সিআইডি।