বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে সাক্ষী হাজির করার জন্য দ্বিতীয়বারের মতো শেষ সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, ন্যায়বিচারের স্বার্থে শেষবারের মতো ট্রাইব্যুনাল এ সুযোগ দিচ্ছেন। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
গতকাল এ মামলায় সাকা চৌধুরীর পক্ষের চতুর্থ সাক্ষী শিল্পপতি সালমান এফ রহমান ও পঞ্চম সাক্ষী সুপ্রিম কোর্টের বিচারপতি শামীম হাসনাইনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ মুলতবি করার এবং বিচারপতি শামীম হাসনাইনের মায়ের হলফনামা মামলার নথি হিসেবে গ্রহণের আবেদন করেন। আবেদন দুটির শুনানিতে ফখরুল ইসলাম বলেন, সালমান এফ রহমান পবিত্র রমজান মাসে মক্কা শরিফে অবস্থান করেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ঈদের পর যেকোনো দিন সাক্ষ্য দিতে পারবেন। আর বিচারপতি শামীম হাসনাইন সাক্ষ্য দেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত অনুমতি চেয়েছেন এবং একই সঙ্গে এতে বিচারকদের পালনীয় আচরণ লঙ্ঘিত হয় কি না, তা জানতে চেয়েছেন। এ জন্য ২৮ জুলাই পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করা হোক। সালাউদ্দিন কাদের চৌধুরী যে একাত্তরের মে মাসে পাকিস্তানে ছিলেন, সে বিষয়ে বিচারপতি শামীম হাসনাইনের মায়ের হলফনামা নথি হিসেবে গ্রহণ করা হোক।
দুটি আবেদনেরই বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম।
পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আসামিপক্ষকে সাক্ষী হাজিরের জন্য কয়েকবার মুলতবি আবেদন মঞ্জুর করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী ২১ জুলাই সালমান এফ রহমানকে সাক্ষী হিসেবে হাজিরের নিশ্চয়তা দিয়েছিলেন, কিন্তু তা পালন করতে ব্যর্থ হয়েছেন। বিচারপতি শামীম হাসনাইন সাক্ষ্য দেবেন কি না, বিষয়টি ট্রাইব্যুনালের কাছে পরিষ্কার নয়। তার পরও সব দিক বিবেচনা করে ট্রাইব্যুনাল আরেকবার সাক্ষী হাজিরের সুযোগ দিচ্ছেন। বুধবার (আজ) সাক্ষী হাজিরের জন্য আসামিপক্ষকে ‘দ্বিতীয় শেষ সুযোগ’ দেওয়া হলো। এরপর আর সুযোগ দেওয়া হবে না। বিচারপতি শামীম হাসনাইনের মায়ের হলফনামা নথি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল।