আসামিপক্ষের সাক্ষী হাজির না থাকায় ট্রাইব্যুনালের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের একাধিক সাক্ষী উপস্থিত না থাকায় গতকাল বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।গতকাল আসামিপক্ষের অষ্টম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে পরবর্তী সাক্ষী হাজির করতে বলেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, আর কোনো সাক্ষী হাজির নেই। ট্রাইব্যুনাল বলেন, বারবার বলা হয়েছে এ ধরনের আবেদন আর মঞ্জুর করা হবে না। এমন কোনো আদেশ দিতে বাধ্য করবেন না, যা আসামিপক্ষের বিরুদ্ধে যায়। মিজানুল ইসলাম বলেন, অসুস্থ থাকায় এবং পিরোজপুর থেকে আনতে না পারায় সাক্ষী হাজির করা যায়নি। ট্রাইব্যুনাল বলেন, এ জবাবে তাঁরা খুশি নন।এরপর বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে বলা হয়, ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে আরেকটি সুযোগ দিচ্ছে। ৭ অক্টোবর (রোববার) সাক্ষী আনতে না পারলে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।এর আগে সাক্ষী হাজির করতে ব্যর্থতার জন্য রাষ্ট্রপক্ষকেও সতর্ক করে আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।সাঈদীর পক্ষে অষ্টম সাক্ষীর জবানবন্দি: কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের অষ্টম সাক্ষী মো. কোবাদ আলী (৬৯) জবানবন্দি দেন। আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি যশোরের বাঘারপাড়ার মহীরন গ্রামে। ১৯৬৯-৭০ সালে সাঈদী যশোর উপশহরে ভাড়া বাসায় থাকতেন। যশোরের বিভিন্ন এলাকায় তিনি মাহফিল করতেন। একাত্তরের এপ্রিলের মাঝামাঝি সাঈদী বাসা ছেড়ে মহীরন গ্রামে পীর সদরুদ্দীনের বাড়িতে আশ্রয় নেন। সেখানে ১৫ দিন থাকার পর মে মাসের শুরুতে তিনি রওশন আলীর বাড়িতে চলে যান। ওখানে আড়াই মাস থাকার পর জুলাইয়ের মাঝামাঝি তিনি নিজ গ্রামে চলে যান।জবানবন্দি শেষে কোবাদ আলীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী।ব্যাখ্যা দিয়েছেন মতিয়া চৌধুরী: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। দুপুরে তাঁর আইনজীবী রেজিয়া সুলতানা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে ব্যাখ্যাটি জমা দেন। এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে ৭ অক্টোবর।