বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে সাক্ষী হাজির করার শেষ সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২১ জুলাই (রোববার) সাক্ষী হাজির করতে না পারলে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে যুক্তি উপস্থাপন শুরু করা হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। গতকাল সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের তৃতীয় সাক্ষী কাইয়ুম রেজা চৌধুরীকে রাষ্ট্রপক্ষের জেরা এবং চতুর্থ সাক্ষী সালমান এফ রহমানকে হাজির করার দিন ধার্য ছিল। কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, জামায়াতে ইসলামীর ডাকা হরতালের জন্য নিরাপত্তার অভাবে কাইয়ুম রেজা চৌধুরী ট্রাইব্যুনালে আসতে পারেননি। সালমান এফ রহমান সৌদি আরব থেকে ফিরবেন ২৩ জুলাই। আইনজীবী মামলার কার্যক্রম ওই দিন পর্যন্ত মুলতবির আরজি জানান।এই আরজির বিষয়ে জোরালো আপত্তি জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও সুলতান মাহ্মুদ। তাঁরা বলেন, হরতালের অজুহাতে মামলার কার্যক্রম মুলতবির আবেদন গ্রহণযোগ্য নয়। রাস্তায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, রাষ্ট্রপক্ষের জোরালো আপত্তি সত্ত্বেও ন্যায়বিচারের স্বার্থে আসামিপক্ষকে আরেকটি সুযোগ দেওয়া হলো। ‘ইকোনমিস্ট’-এর বিষয়ে আদেশ ২৭ আগস্ট: একই ট্রাইব্যুনাল গতকাল যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর বিরুদ্ধে রুলের বিষয়ে আদেশের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেন।মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৫ জুলাই: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২৫ জুলাই দিন পুনর্নির্ধারণ করেন।