জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য ২ সেপ্টেম্বর (রোববার) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ দিন ধার্য করেন।গতকাল কার্যক্রমে কেবল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, এক সদস্যের উপস্থিতিতে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু না করলে ভালো হয়। তিনি সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন জানালে ট্রাইব্যুনাল রোববার পর্যন্ত আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ মুলতবি করেন।তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর এক সদস্য এ কে এম জহির আহমেদ অসুস্থতার কারণে দায়িত্ব থেকে গত মঙ্গলবার অব্যাহতি চান। গতকাল তাঁকে অব্যাহতি দিয়ে তাঁর স্থলে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এই ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি আনোয়ারুল হক গতকাল অনুপস্থিত ছিলেন।