আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ অব্যাহত রাখার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ অব্যাহত রাখার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ অব্যাহত রাখার আবেদন জানান। ট্রাইব্যুনাল এ আবেদন মঞ্জুর করেন। পরে মামলার প্রথম সাক্ষী ও গোলাম আযমের ছেলে আবদুল্লাহহিল আমান আজমী বিভিন্ন নথি প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেন। বিকেলে নথি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।গত ১২ নভেম্বর ট্রাইব্যুনাল-১-এ সাবেক সেনা কর্মকর্তা আজমী জবানবন্দি দেওয়া শুরু করেন। ২০ নভেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে তিনি প্রায় ১৩ ঘণ্টার জবানবন্দিতে মুক্তিযুদ্ধকালে গোলাম আযমের রাজনৈতিক অবস্থানসহ নানা বিষয় তুলে ধরেন। ২২ নভেম্বর তিনি বিভিন্ন নথি প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল শুরু করেন। তবে ১০ ডিসেম্বর দিন ধার্য থাকলেও আসামিপক্ষের আইনজীবী বা সাক্ষী ট্রাইব্যুনালে হাজির না থাকায় ট্রাইব্যুনাল এক আদেশে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন। সেদিন আদেশে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করে ট্রাইব্যুনাল বলেন, যদি আসামিপক্ষ আইনজীবী বা সাক্ষীদের অনুপস্থিতির যৌক্তিক কারণ দেখিয়ে ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করতে পারেন, তবে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ অব্যাহত রাখা হবে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সাক্ষ্য গ্রহণ অব্যাহত রাখার আবেদন জানায় আসামিপক্ষ।