আসামিপক্ষের হামলায় বাদীসহ ১৩ জন আহত
ফরিদপুরে স্কুলছাত্রী জাকিয়া আক্তার হত্যা মামলার আসামিপক্ষের লোকজনের হামলায় বাদীসহ ১৩ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন জাকিয়ার ভাই মামলার বাদী হাসিবুল ইসলাম (২০), বড় ভাই কাশেম মিয়া (২৪), ছোট ভাই শহীদুল ইসলাম (১৬), ভাবি লাকী বেগম (২২), চাচা হুমায়ন মিয়া (৬০), আলমগীর মিয়া (৫০) ও হানিফ মিয়া (৪০), চাচি সালেহা বেগম (৪০) ও আলেয়া বেগম (৩৫), চাচাতো বোন তাসলিমা আক্তার (২৫), চাচাতো ভাই মো. রাসেল (২২), ফুফু আছিয়া বেগম (৩২), ফুফাতো ভাই আরিফ হোসেন (২৪)। আহত ব্যক্তিদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাহীন রেজা বলেন, দুজন ধারালো অস্ত্রের আঘাতে ও অন্যরা লাঠি বা লোহার রডের আঘাতে আহত হয়েছেন। এর মধ্যে হানিফ মিয়া, আলমগীর মিয়া ও সালেহা বেগমের আঘাত গুরুতর। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকিয়া হত্যার রহস্য উদ্ঘাটনে গঠিত নাগরিক তদন্ত দল শনিবার বেলা ১১টার দিকে কাশিমাবাদ গ্রামে যায়। তদন্ত দলটি জাকিয়ার বাড়ি ও লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করে। এ দলের কাছে ঘটনার বর্ণনা তুলে ধরার সময় মামলার বাদী ও আসামিপক্ষের লোকজনের মধ্যে বচসা হয়। এ খবর শুনে বেলা সাড়ে তিনটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পর পরই আসামিপক্ষের প্রায় অর্ধশত লোক বাদীর বাড়িতে হামলা চালায়। এতে বাদীসহ বাড়ির ওই ১৩ জন আহত হন।হাসিবুল ইসলাম বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য মালেক মাতুব্বর আসামিপক্ষকে আমাদের ওপর হামলা চালানোর নির্দেশ দেন।’ তবে মালেক মাতুব্বর বলেন, ‘আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। আমি জেনেছি এসআই আবুল খায়েরের উপস্থিতিতে বাদীপক্ষ আসামিপক্ষের ওপর হামলা চালিয়েছে।’ এ বক্তব্য নাকচ করে আবুল খায়ের বলেন, ‘আমার সামনে বা আমার উপস্থিতিতে হামলার কোনো ঘটনা ঘটেনি।’ কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, ‘মালেক মাতুব্বরের উসকানিতে আসামিপক্ষ ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ পেয়েছি।’গত ১৪ ডিসেম্বর সকালে কাশিমাবাদ গ্রামের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পোরদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জাকিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই দিনই জাকিয়ার ভাই হাসিবুল ইসলাম শামীম মণ্ডল, সালাম মাতুব্বর, পারভীন আক্তার, বাবু মাতুব্বরসহ ছয়জনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।