আসামিপক্ষের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারকে মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৯ নভেম্বর সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও ধর্ষণের চিত্র ভিডিও করে রাখে রাব্বি হাওলাদার নামের এক বখাটে। এতে সহায়তা করে উজ্জ্বল হাওলাদার ও কুদ্দুস হাওলাদার।এ ঘটনায় করা মামলার বাদী ও ধর্ষণের শিকার ওই ছাত্রীর ভাই অভিযোগ করেন, রাব্বি হাওলাদারের চাচা মো. শহিদুল ইসলাম, মো. এরশাদসহ অন্যরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার ওই ছাত্রী গতকাল বুধবার প্রথম আলোকে বলে, ‘আমি কোনো মীমাংসা চাই না। বিয়ে করলেও ওরা কোনো দিন আমাকে শান্তি দেবে না।’ এদিকে মামলায় সব ধরনের আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। সমিতির বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মঞ্জু আরা বেগম বলেন, ‘মামলা পরিচালনার সব ব্যয়ভার আমরা বহন করব।’ আসামি গ্রেপ্তার ও মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়ে উজিরপুর থানার ওসি সুকুমার রায় বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। হুমকির বিষয়টি তাঁদের জানা নেই। পুলিশের পক্ষ থেকে ওদের নিরাপত্তা দেওয়া হচ্ছে।