আসামির জবানবন্দি গ্রহণকারী এক বিচারকের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামির জবানবন্দী গ্রহণকারী একজন বিচারকসহ দুজন গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই সাক্ষ্য গ্রহণ করেন।
গতকাল সাক্ষ্য দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাবেক বিচারক ইসমত আরা। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। অপর সাক্ষী হলেন ঢাকার মোহাম্মদপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বেনজির আহমেদ।
আদালত সূত্র জানায়, সাক্ষী ইসমত আরা ২০০৮ আলের ২৫ এপ্রিল এ মামলার একজন আসামি আরিফ হাসান ওরফে সুমনের জবানবন্দি গ্রহণ করেন।
গতকাল পর্যন্ত এ-সংক্রান্ত দুটি মামলায় (হত্যা ও বিস্ফোরক) ১২১ জন সাক্ষ্য দিয়েছেন। এঁদের মধ্যে ১২০ জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান৷ তাঁকে সহায়তা করেন আইনজীবী আকরাম উদ্দিন৷ আজ মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী আহত হন৷