আসামির জবানবন্দি নেওয়া বিচারকের সাক্ষ্য
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আসামির জবানবন্দি গ্রহণকারী একজন বিচারক। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ এই বিচারকের জবানবন্দি নেন। আগামীকাল মঙ্গলবার পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আজ যিনি সাক্ষ্য দিয়েছেন, তিনি হলেন ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান। এ নিয়ে মামলার ৫৫ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান ২০১৩ সালের ২০ জুলাই মামলার আসামি সাদমান ইয়াসির মাহমুদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন।
আজ আসামিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এই সাক্ষীকে জেরা করেন। মোশাররফ হোসেন কাজল দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী।
গতকাল এ মামলায় ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সাক্ষ্য দেন। আসাদুজ্জামান বলেন, তিনি ২০১৩ সালের ২ সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। গতকাল আদালতে তিনি ওই জবানবন্দি শনাক্ত করেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় এই হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এই মামলায় মুফতি জসীমউদ্দিনসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযোগপত্রভুক্ত আট আসামি হলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে রেদোয়ানুল পলাতক।