আসামির জামিন, সড়ক অবরোধ ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছাত্রলীগের নেতার ওপর হামলার ঘটনায় করা মামলার এক আসামির জামিনকে কেন্দ্র করে গতকাল রোববার সড়ক অবরোধ করে ছাত্রলীগ ও স্থানীয় জনতা। প্রায় এক ঘণ্টা বিক্ষুব্ধ লোকজন কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কের বড়লেখা উপজেলার আদালত এলাকায় এই অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সুজানগর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আহমদের ওপর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে গত ৪ জানুয়ারি একই ইউনিয়নের তায়েফ আহমদ অতর্কিতে হামলা চালায়। এতে ফয়সল আহমদ আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১১ জানুয়ারি ফয়সল আহমদ বাদী হয়ে তায়েফ আহমদসহ তিনজনকে আসামি করে বড়লেখা থানায় একটি মামলা করেন। গত বৃহস্পতিবার সিলেট শহরের আম্বরখানা এলাকা থেকে পুলিশ তায়েফ আহমদকে গ্রেপ্তার করে। গতকাল বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জামিনের আবেদন করা হয়। হাকিম মো. হাসান জামানের আদালত তায়েফ আহমদের জামিন মঞ্জুর করেন।
আসামির জামিনের খবরে ছাত্রলীগের নেতা-কর্মী ও সুজানগর এলাকার মানুষ আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। বিক্ষুব্ধরা কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কের বড়লেখা উপজেলার আদালত এলাকায় টায়ার জ্বালিয়ে বেলা দুইটা থেকে সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আসামি (তায়েফ আহমদ) কুপিয়ে একটা ছেলের (ফয়সল আহমদ) হাত কেটে ফেলেছেন। পরশু (৪ ফেব্রুয়ারি) তাঁকে সিলেট থেকে ধরে এনে আদালতে চালান করা হয়েছে। আদালত তাঁকে জামিন দিয়েছেন। এই ঘটনায় শুধু ছাত্রলীগ না, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে অবরোধ করে। জামিনের ব্যাপারটি আদালতের। আদালত জামিন দিতে পারেন। লোকজনকে এ কথা বুঝিয়ে শান্ত করে অবরোধ সরিয়েছি।’