থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন কর্মকর্তা পৃথকভাবে প্রায় চার বছর তদন্ত করেও হত্যা মামলার এক আসামির ঠিকানা খুঁজে বের করতে পারেননি। ঠিকানা না পওয়ায় তিনজনই তাঁদের দেওয়া অভিযোগপত্রে আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। তিনবারই মামলার বাদী এর বিরুদ্ধে নারাজি আবেদন করেন। সর্বশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে। আর এবার ছয় মাসের মধ্যেই তদন্ত কর্মকর্তা আসামির ঠিকানা সংগ্রহ করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আসামিও আদালতে আত্মসমর্পণ করেন। চট্টগ্রাম নগরের হালিশহরের মোল্লাপাড়া এলাকার ঠিকাদার আবু নাছের হত্যা মামলায় এ ঘটনা ঘটে।
২০১০ সালের ১১ নভেম্বর আবু নাছেরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই আবু তাহের বাদী হয়ে মো. কায়সার, মো. জসীম, দিদার উদ্দিন ও মো. মহসিনের নাম উল্লেখ করে হালিশহর থানায় মামলা করেন। মামলার এজাহারে তিন আসামির পূর্ণাঙ্গ ঠিকানা থাকলেও মো. মহসিনের ঠিকানা ছিল না। তিন তদন্ত কর্মকর্তাই শুধু ঠিকানা না পাওয়ায় আসামি মহসিনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, একজন আসামির ঠিকানা পেতে কেন প্রায় পাঁচ বছর লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না তা-ও যাচাই করা হবে। এ জন্য তিনজনের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।
মামলার বাদী নিহত নাছেরের বড় ভাই আবু তাহের বলেন, আসামির ঠিকানা সংগ্রহ করতেই পুলিশের পাঁচ বছর লেগে গেছে। এত দিনে এই মামলার বিচারই শেষ করা যেত।
আদালত সূত্র জানায়, হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. ছানাউল্লাহ প্রথমে মামলাটি তদন্ত করেন। দুই মাস তদন্তের পর ২০১১ সালের ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। এতে এজাহারভুক্ত চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে শুধু ঠিকানা না পাওয়ায় আসামি মো. মহসিনকে অব্যাহতির সুপারিশ করা হয়। বাদী এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করলে আদালত আসামির ঠিকানা সংগ্রহ করে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন হালিশহর থানা-পুলিশকে।
মামলাটির দ্বিতীয় তদন্ত কর্মকর্তা ছিলেন হালিশহর থানার এসআই মুজিবুর রহমান। ১৬ মাস তদন্তের পর আগের তদন্ত কর্মকর্তার মতো চারজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলেও ঠিকানা না পাওয়ায় তিনি মো. মহসিনকে অব্যাহতির সুপারিশ করে ২০১২ সালের ১৮ মে আদালতে অভিযোগপত্র দেন। বাদী আবু তাহের এবারও এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিলে আদালত চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।
দুই তদন্ত কর্মকর্তা মো. ছানা উল্লাহ ও মো. মুজিবুর রহমানের বক্তব্য জানতে হালিশহর থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার এসআই নুরুল আলম বলেন, ওই দুজন এখন আর হালিশহর থানায় কর্মরত নেই। তাঁরা কোথায় আছেন তা জানাতে পারেননি তিনি।
এই মামলার তৃতীয় তদন্ত কর্মকর্তা ছিলেন চট্টগ্রাম নগর ডিবির তৎকালীন পরিদর্শক দেবাশীষ চৌধুরী। দুই বছর তদন্তের পর আসামি মহসিনের ঠিকানা না পাওয়ায় তাঁকে অব্যাহতির সুপারিশ করে বাকি তিন আসামির বিরুদ্ধে ২০১৪ সালের ১৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। বাদী তৃতীয়বারের মতো অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিলে গত বছরের ৩০ এপ্রিল আদালত সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
পরিদর্শক দেবাশীষ চৌধুরী গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, আসামি মহসিন ঘটনার পর চট্টগ্রাম থেকে পালিয়ে যান। তাঁর স্থায়ী কোনো ঠিকানা ছিল না। সঠিক ঠিকানা না পাওয়ায় তাঁকে অব্যাহতির সুপারিশ করা হয়।
সর্বশেষ সিআইডি চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক জসীম উদ্দিন খান ২০১৫ সালের ১০ জুন নাছের হত্যা মামলার তদন্তের দায়িত্ব পান। তদন্ত শেষে গত বছরের ২৭ ডিসেম্বর অন্য তিনজনের সঙ্গে আসামি মো. মহসিনের ঠিকানাসহ আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। গত ২৪ জানুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করে। ওই দিনই আসামি মো. মহসিন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। মামলার বাকি তিন আসামি বর্তমানে জামিনে আছেন। আগামী বুধবার এই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।
আসামির ঠিকানা কীভাবে খুঁজে পেলেন তা জানতে চাইলে জসীম উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ঘটনার পর আসামি মহসিন কুমিল্লার চান্দিনায় তাঁর গ্রামের বাড়িতে পালিয়ে যান। মহসিনের শাশুড়ি ও স্ত্রীকে খুঁজে বের করেন তিনি। এরপর চান্দিনা থানার এএসআই প্রবীর কুমার রায় ও এএসআই আলমগীর কবিরের মাধ্যমেও মহসিনের ঠিকানার বিষয়টি নিশ্চিত হন।
থানা ও ডিবি পুলিশের তিন কর্মকর্তা কেন আসামি মহসিনের ঠিকানা সাড়ে চার বছরেও বের করতে পারেনি এমন প্রশ্নের জবাবে সিআইডি পরিদর্শক জসীম উদ্দিন খান বলেন, বিষয়টি তাঁরাই ভালো বলতে পারবেন।