
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা মামলার আসামি শওকত হাসেম ওরফে শকুর ডাকা সভায় প্রধান অতিথি হলেন সাংসদ সেলিম ওসমান। শওকত হাসেম নগর বিএনপির যুগ্ম সম্পাদক ও সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
নগরীর খানপুরের চিলড্রেন পার্কে গতকাল শনিবার দুপুরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী।
সভায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ সেলিম ওসমান বলেন, ‘১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শকু (শওকত হাসেম) অনেক দিন যাবৎ চাইছিল, তাই তার এখানে আসা। শকুর চাহিদা অনেক। আমি চেষ্টা করব সে চাহিদাগুলো পূরণ করতে। শকুর পরিবার কী করেছে, তা আমার দেখার বিষয় না। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। আপনারা সবাই শকুর জন্য দোয়া করবেন। সে এলাকার উন্নয়ন চায়। আর হিসাবের খাতা মিলিয়ে নেবেন। আপনারা যতটুকু সহযোগিতা শকুকে করলেন, তার কতটা সে ফেরত দিতে পেরেছে। যদি আগামী নির্বাচনের আগে সে হিসাব মেলাতে না পারেন, তবে তাকে ভোট দেওয়ার দরকার নেই। আমি আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, বিএনপি বুঝি না। আমি বুঝি উন্নয়ন। উন্নয়নের প্রশ্নে আমি সবার পাশে আছি, থাকব।’
সভায় আরও বক্তব্য দেন সাংসদের স্ত্রী নাসরিন ওসমান, নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ শিরিন বেগম, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিমউদ্দিন প্রধান প্রমুখ।
২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হন। এ ঘটনার পরপরই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন সদর মডেল থানায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুটি মামলায় কাউন্সিলর শওকত হাসেমসহ অভিন্ন ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দুটি মামলা বর্তমানে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত ও ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। কাউন্সিলর শওকত ওই মামলায় জামিনে আছেন।
নারায়ণগঞ্জে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও পুলিশের শীর্ষ দশ সন্ত্রাসীর তালিকায় শওকতের নাম রয়েছে। তাঁর বড় ভাই সাবেক ক্যাপ্টেন কিসমত হাসেম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি। ওই মামলায় কিসমত খালাস পান। কিন্তু ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় সাজা হয় পলাতক কিসমত হাসেমের।
নাম প্রকাশ না করার শর্তে মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেছেন, সাংসদ সেলিম ওসমান কাউন্সিলর শওকতকে নিয়ে সভা করে সঠিক কাজ করেননি।
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল রাতে সাংসদ সেলিম ওসমানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।